রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যথেষ্ট পরিমাণ অস্ত্র পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জেলেনস্কি আরও বলেন, পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র আসতে খুবই দেরি হচ্ছে। পশ্চিমা কিছু নেতাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যদি তাদের কাছ থেকে আমরা অস্ত্র না পাই, তবে এটা হবে তাদের জন্য নৈতিক পরাজয়ের কারণ।
এ সময় রুশ হামলার কারণে ইউক্রেনের মারিউপোল শহর থেকে সাধারণ মানুষ নিরাপদে বের হয়ে অন্য কোথাও যেতে পারছে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।
এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ২০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : বিবিসি।
এবিএস





