১১৭তম জন্মদিন পালন করার এক মাস পর চিরদিনের জন্য বিদায় নিলেন বিশ্বের সবেচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাওয়া।
জাপানের ওসাকা শহরের এক নার্সিংহোমে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই নার্সিংহোমেই থাকতেন তিনি।
ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা ওয়াকাওয়া গত মাসের প্রথমদিকে ১১৭তম জন্মদিন পালন করেন। তার তিন মেয়ে, চার নাতি-নাতনী এবং তাদের ছয় ছেলে-মেয়ের মধ্যে একমাত্র তিনিই বেঁচে ছিলেন এতদিন।
তার জন্ম ১৮৯৮ সালের ৫ মার্চ। ওই সময় রাইট ভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিশোরী ছিলেন। মানুষ প্রথম চাঁদে যাওয়ার সময় তার বয়স ছিল ৭০ বছরের কোটায়। তার বয়স যখন ১১৪ বছর পূর্ণ হয়, তখন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ওঠে।
জাপান দীর্ঘ আয়ুর দেশ হিসেবে পরিচিত। ওকাওয়া মারা যাওয়ার পর গত ফেব্রুয়ারিতে ১১২তম জন্মদিন পালন করা সাকারি মোমই দেশটির প্রবীণতম ব্যক্তি বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তবে ওকাওয়া মারা যাওয়ার পর এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক গারট্রুডি ওয়েভারকে (যার বয়স ১১৬ বছর) মনে করা হচ্ছে। তবে এর জন্য অনুমোদন পাওয়া লাগবে। তথ্যসূত্র : এএফপি।
কেএইচ





