৯/১১ বিলে ওবামার ভেটো প্রত্যাখান করে ভুল করেছে কংগ্রেস। গতকাল দেশটির এ বিল পাশ হয়েছে। এর ফলে নিউইয়র্কের টুইন টাওয়ার হামলায় নিহতদের পরিবার কিংবা ক্ষতিগ্রস্থরা চাইলে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। ওবামার তীব্র আপত্তি ও ভেটো সত্ত্বেও বিলটি আইনে পরিণত হলো। খবর বিবিসির।

৯/১১ হামলায় ১৯ হাইজাকারের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদির নাগরিক। তেল সমৃদ্ধ দেশ সৌদি মার্কিন জোটের অংশ। তারা ওই হামলার দায় অস্বীকার করেছে। ওই হামলায় কমপক্ষে ৩ হাজার মানুষ প্রাণ হারায়।

সিনেটে বিলটি ৯৭-১ এবং কংগ্রেসে ৩৪৮-৭৭ ভোটে বিলটি পাশ হওয়ায় এটি আইনে পরিণত হলো। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। ওবামার ভেটো উপেক্ষা করে বিলটি পাস হওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘটনাটিকে ব্রিবতকর বলে আখ্যায়িত করা হয়েছে।

এক বিবৃতিতে ওবামা বলেন, যদি এই মামলাকারীদের কেউ অন্য দেশের নিজস্ব আইনে দেশটির আদালতে মামলায় জয়ী হন তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সম্পত্তি আটকে দিতে পারে। এটা দেশের আর্থিক খাতের জন্য ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।

এছাড়াও বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র বা সশস্ত্র গ্রুপের কর্মকাণ্ড, প্রশিক্ষণ ও সমর্থনের জন্য মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। তাই এ বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।

এই বিলের কারণে বিপজ্জনক নজির তৈরি হবে বলে উল্লেখ করেছেন ওবামা। এই বিল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে একমত প্রকাশ করেছেন সিআইএর পরিচালক জন ব্রেননান।


এমএনজে