ইসরায়েলি ইহুদিদের প্রতি চার জনের তিনজনই ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৭৪.৩ শতাংশই ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধী। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
চলতি অক্টোবরের ১২ থেকে ১৪ তারিখে ৫০৫ জন ইসরায়েলি ইহুদির উপর এ জরিপ চালানো হয়। জরিপটি চালিয়েছে জেরুজালেম সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স। জরিপে অংশ নেয়া ৫০৫ জনের মধ্যে ৩০৪ জন ডানপন্থী ইহুদি, ১২৫ জন মধ্যমপন্থী এবং বাকি ৬৮ জন বামপন্থী।
৭৪.৯ শতাংশ ইহুদি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন করলে জর্ডান উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হতে পারে। ৭৬.২ শতাংশ ইহুদি চান না, জেরুজালেম বিভক্ত হোক। তারা চান, জেরুজালেম এককভাবে ইসরাইলের থাকুক।
জর্ডান উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন প্রস্তাবের বিরোধী ৭৫ শতাংশ ইহুদি।
উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের শুরু ১৯১৭ সালে। কারণ তখনই কুখ্যাত বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েলি দখলদাররা। এরপর ১৯৮০ সালে এটিকে ইসরায়েলের সাথে সংযুক্ত করা হয়।
এদিকে, ফিলিস্তিনিরা চান, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে গাজা ও পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, যার রাজধানী হবে জেরুজালেম। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
এসএমএ





