ফ্রান্সে এক পুলিশ কমান্ডারকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী ও হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে প্যারিসের কাছে ম্যাগনাভিল্লে এলাকায় এ ঘটনা ঘটে।চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ম্যাগনাভিল্লেতে বাড়ির কাছে ও সাধারণ পোষাকে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী। এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক শিশুকে জিম্মি করে।
খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এসময় পুলিশ তার সঙ্গে আলোচনা শুরু করলে সে নিজেকে আইএসের সদস্য বলে দাবি করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে হেনরি ব্রান্ডিট জানান, রাত নয়টায় ফরাসি এলিট পুলিশের একটি ইউনিটটে ডেকে পাঠানো হয়। হামলাকারীর সঙ্গে মধ্যস্থতায় ব্যর্থ হওয়ার পর মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, হামলকারীর হাতে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বাড়ির ভেতরে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি, যিনি নিহত পুলিশ কমান্ডারের স্ত্রী। পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। সৌভাগ্যক্রমে আমরা এক শিশুকে জীবিত উদ্ধার করতে পেরেছি।

এ ঘটনার পর আইএসের সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, আইএসের এক যোদ্ধা এ হামলা চালিয়েছে। আইএসের এ দাবি সত্য হলে গত বছর নভেম্বরে প্যারিস হামলার পর জারি করা জরুরি অবস্থার মধ্যে এটাই হবে দেশটিতে প্রথম সন্ত্রাসী হামলা।

জেড