সেনা অভ্যুত্থানের পর থেকে আটক মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে সেনা সরকার।
অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে আটক রাখা সু চির বিরুদ্ধে এবার জাতীয় দুর্যোগ আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর বিবিসি ও রয়টার্সের
গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।
এরপর সু চির বিরুদ্ধে আনা হয় বাসায় অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগ। তখন থেকেই রিমান্ডে আছেন সু চি। আজ বুধবার এই রিমান্ড শেষ হওয়ার কথা। এরই মধ্যে তার বিরুদ্ধে আনা হল নতুন অভিযোগ।
এ দিকে সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীরা মিয়ানমারে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার জান্তা সরকার এক সংবাদ সম্মেলনে দেশটিতে নতুন নির্বাচনের ঘোষণা দেয়। সামরিক সরকারের এ ঘোষণা সত্ত্বেও নতুন নির্বাচনের দাবি ও সু চিসহ বন্দীদের মুক্তি দাবিতে বুধবার বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা।
গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের।
এর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে মিয়ানমারজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে দমন-পীড়নের পাশাপাশি বিধিনিষেধ আরোপ করে জান্তা সরকার।
এর পরই এই হুঁশিয়ারি দেয় জাতিসংঘ। গত সোমবার ফোনে সরকারের উপপ্রধান সোয়ে উইনের সঙ্গে কথা বলেন জাতিসংঘের এক কর্মকর্তা।





