ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগ ধোয়ায় দম আটকে মারা গেছেন।

একশ'র বেশি রোগী এবং তাদের স্বজন আহত হয়েছেন। অনেক রোগী ও হাসপাতালের কর্মী আগুন থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে নিচে লাফ দেবার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

কর্মকর্তারা জানাচ্ছেন, বেসরকারি ঐ হাসপাতালটির ডায়ালিসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ বলছে, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।

এর আগে বিভিন্ন খবরে মৃতের সংখ্যা ২২জন আবার কোথাও ২৩জন বলা হলেও ভুবনেশ্বরের পুলিশ কমিশনার ইয়োগেশ খুরানিয়া নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করা গেছে।

এছাড়া আরো অনেক রোগীকে আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভোরের দিকে আগুন নেভাতে সমর্থ হয়েছেন দমকল বাহিনীর কর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।(সূত্র-বিবিসি)

এমবি