ইরাক থেকে কুর্দিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে মধ্যপ্রাচ্য ভয়াবহ হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

রাজধানী বৈরুতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন, কুর্দিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে এই অঞ্চলের আরো কিছু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা শুরু করবে যা গোটা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ হুমকির মুখে ঠেলে দেবে।

তিনি বলেন, “আমি আমাদের ভ্রাতৃপ্রতীম কুর্দি জনগোষ্ঠীকে বলতে চাই এই গণভোটের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্য নির্ধারণ করেননি বরং মধ্যপ্রাচ্যেকে বর্ণ ও গোত্রের ভিত্তিতে খণ্ডবিখণ্ড করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।”

কুর্দিস্তানে গত ২৫ সেপ্টেম্বর বিচ্ছিন্নতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের কথা উল্লেখ করে তিনি একথা বলেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, এখন ইরাক থেকে কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঠেকানো আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। 

হিজবুল্লাহ মহাসচিব বলেন, আরব, কুর্দি ও ইরানি জনগণের মধ্যে কোনো গোত্রীয় দ্বন্দ্ব থাকা উচিত নয়। এখানে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও রক্তপাত একমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করে। এ ছাড়া, যুদ্ধের মাধ্যমে লাভবান হয় পাশ্চাত্যের অস্ত্র-নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো।

তিনি ঝঞ্ঝাবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকার জন্য কুর্দি নেতাদের প্রতি আহ্বান জানান।

এমবি