রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাসনেকভ জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে। তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।
তিনি বলেন, বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাবার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।
এদিকে, ইউক্রেনের প্রধান শহরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। যুদ্ধের সপ্তম দিনে উত্তর, দক্ষিণ ও পশ্চিমের সীমান্ত শহরগুলোতে ধ্বংসাত্মক হামলা চালাচ্ছে তারা। একের পর এক ক্ষেপণাস্ত্র, বোমা আর গোলার আঘাতে কেঁপে উঠছে রাজধানী কিয়েভের আশপাশ, দ্বিতীয় বড় শহর খারকিভ আর বন্দরনগরী খারসান। হামলা চলছে আরও বিভিন্ন অঞ্চলে।
৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে।
উল্লেখ্য, কিয়েভ শহর খালি করে দেবার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ করেছে। সূত্র: বিবিসি
এমআই





