দাসীদের মতো আচরণ ও নির্যাতনের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নেতানিয়াহুর বাসভবনে নিয়োজিত একজন গৃহপরিচারিকা।

শুক্রবার ইসরাইলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনথ’ এর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ২৪ বছর বয়সী ওই গৃহকর্মী বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে ওই গৃহকর্মীর নাম গোপন রাখা হয়েছে।


প্রধানমন্ত্রীর স্ত্রী ওই গৃহকর্মীকে ‘অপমান ও নির্যাতন’ করেছে বলে মামলার অভিযোগে বলা হয়। মামলায় তিনি ক্ষতিপূরণ হিসেবে ২২৫,০০০ ইসরাইলি শেকেল (প্রায় ৬৪,০০০ মার্কিন ডলার) দাবি করেন। প্রধানমন্ত্রীর বাসভবনের একজন ক্লিনার হিসেবে দুই মাস আগে ওই গৃহকর্মীকে নিয়োগ দেয়া হয়।

এছাড়াও, তাকে পর্যাপ্ত অবকাশযাপন ও অসুস্থতাজনিত ছুটির অনুমোদন দিতে প্রধানমন্ত্রীর স্ত্রী অস্বীকৃতি জানান বলে ওই প্রতিবেদনে বলা হয়। স্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে ‘অব্যবস্থাপনা’র জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।
জেড