পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। ক্ষমতাসীন পিটিআই জোটের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। এর আগে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলের অন্যান্য নেতা ডেপুটি স্পিকারকে তার আচরণের জন্য কঠোর সমালোচনা করেন। জিও নিউজ।
পিএমএল-কিউর ১০ ভোট প্রত্যাখ্যান করার পরে মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহিকে মুখ্যমন্ত্রী হওয়ার থেকে বঞ্চিত করেছিলেন ডেপুটি স্পিকার মাজারি। এতে শাহবাজপুত্র হামজা শাহবাজকে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিপত্তিটি স্বল্পস্থায়ী ছিল, কারণ সুপ্রিম কোর্ট মাজারির রায় বাতিল করে খান-সমর্থিত প্রার্থী ইলাহিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
গতকালের অধিবেশনে প্রাদেশিক পরিষদে সংসদীয় নেতা রাজা বিশারত মাজারির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন, যা হাউজে সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। এর পরিপ্রেক্ষিতে অধিবেশনের সভাপতিত্বে থাকা প্যানেল স্পিকার ওয়াসিম খান তা শুক্রবার পর্যন্ত মুলতবি করেন।
যেহেতু পারভেজ ইলাহি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, স্পিকারের স্লট কার্যকরভাবে খালি হয়ে গেছে। এ পদের জন্য নির্বাচন হবে আজ শুক্রবার বিকেল ৫টায়। জানা গেছে, পিটিআই স্পিকারের জন্য সিবতাইন খান ও ডেপুটি স্পিকার হিসেবে ওয়াসিক কাইয়ুমকে মনোনীত করেছে।
এবিএস





