ভারতের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সাবেক টিভি স্টার স্মৃতি ইরানী।
সোমবার মধ্যরাতের পর উত্তর প্রদেশের আমেঠির প্রার্থী হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দেশটিতে আগামী ৭ এপ্রিল থেকে ১২ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৬ মে ভোট গণনা করা হবে। নির্বাচনে প্রায় ৮১ কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
উত্তর প্রদেশকে ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ বলা হয়। আমেঠি এই প্রদেশে অবস্থিত। যে দল দিল্লীতে ক্ষমতায় আসতে চায় তাকে এ প্রদেশে অবশ্যই ভালো করতে হবে।
এছাড়া আমেঠি গান্ধী পরিবারের ঐতিহ্যগত আসন। এর আগে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রাহুলের পিতা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
আমেঠিতে ২০০৯ সালের নির্বাচনে রাহুল বিপুল ভোটে জয় পেয়েছিলেন। ৭০ শতাংশেরও বেশি ভোট পান রাহুল। অপরদিকে বিজেপি’র প্রার্থী ১০ শতাংশেরও কম ভোট পেয়ে তৃতীয় অবস্থানে নেমে আসেন।
বলা হচ্ছে এবারের নির্বাচনে স্টার থেকে রাজনীতিতে যোগ দেয়া স্মৃতি জয় না পেলেও আমেঠি আসনের লড়াইটা হবে উচ্চমার্গীয়।
স্মৃতি ইরানী জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কউনকি সাস ভি কাভি বহু থি’ পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেন। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিরিয়ালটির মোট ১৮শ পর্ব প্রচারিত হয়েছিল।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]