পাকিস্তানে বহুল আলোচিত হত্যা মামলার আসামি সাফাকাত হুসাইনের ফাঁসি কার্যকর করেছে দেশটি।

২০০৪ সালে এক শিশুকে হত্যার দায়ে অভিযুক্ত হন সাফাকাত। সে সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর। পাকিস্তানি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সাফাকাত কিশোর অপরাধী।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সাফাকাতের মৃত্যুদণ্ড কার্যকর না করতে পাকিস্তান সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া সাফাকাত সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

মঙ্গলবার ভোরে করাচির একটি কারাগারে সাফাকাতের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে মধ্যরাতে তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ বারের মতো সাক্ষাতের সুযোগ করে দেয় কারাকর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত প্রচেষ্টায় চলতি বছরেই চার বার ফাঁসি কার্যকরের পদক্ষেপ পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৪৯ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাকিস্তান। এরপর থেকে প্রায় ২০০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি। সূত্র: বিবিসি

এআর