জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

যেখানে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বনেতারা, খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

বৈঠকের ব্যাপারে ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত ১৬ আগস্ট ইউএনএসসি জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে।

বিশেষ কারণে পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে না পারায় এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৫ সদস্যের অংশগ্রহণে পোল্যান্ড ওই বৈঠক পরিচালনা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।

এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি ভারতের অবৈধ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার চীনও পাকিস্তানের পক্ষে ইউএনএসসিকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়।

কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়টিকে নিজেদের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে।

এমবি