মিশরে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় ৭৮ কিশোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। কিশোরদের  বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।

দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা বাহিনী। তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে ২০১৩ সালে আলেকজান্দ্রিয়ায় একটি বিক্ষোভ মিছিলে যোগ দেয় তারা।

মুরসিকে সমর্থন দেয়ায় আলেকজান্দ্রিয়ার একটি কিশোর আদালত বুধবার ৭৮ কিশোরকে ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের জেল দিয়েছে।  

তাদের পরিবারের অভিযোগ আদালতে শুনানিকালে দণ্ডপ্রাপ্ত কিশোরদের কোনো আইনজীবীকে এজলাসে ঢুকতে দেয় নি । পরিবারের সদস্য ও তাদের আত্মীয়-স্বজনদেরও এজলাসের বাইরে রাখা হয়। তাই ছেলেদের ছবি হাতে নিয়ে আদালত ফটকে পরিবারের সদস্যরা দাঁড়িয়ে থাকেন।

২০১৩ সালের জুলাইয়ের দিকে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে  প্রতিবাদে ও বিক্ষোভে ফেটে পড়ে মুরসি সমর্থকরা। তখন থেকেই দেশটির মুরসি সমর্থক ও তার রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালায় মিশরের সেনা সমর্থিত সরকার, যা এখনো অব্যাহত।

মুরসি সমর্থকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৪০০ মুসলিম ব্রাদারহুড কর্মী-সমর্থক নিহত হয়েছে। ১৫ হাজারেরও বেশি লোককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কয়েক'শ লোককে। এদের মধ্যে ব্রাদারহুডের অনেক শীর্ষ নেতাও রয়েছে।

 

এমকে