জম্মু ও কাশ্মীরের পাম্পার এলাকায় একটি সরকারি ভবনের ভেতরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সৈন্য আহত হয়েছে। সোমবার ভোরে এ হামলার পর সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি চলছে বলে খবর পাওয়া যায়।
ভোরে দুই থেকে চারজন হামলাকারী জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে (ইডিআই) ঢুকে পড়ে। গোলাগুলির সময় সেখানে আগুন ধরে যায়। এতে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীনগরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, 'হামলাকারীদের সঙ্গে ভবনের ভেতরে গুলি বিনিময়ে এক সৈন্য আহত হয়েছেন।তিনি বলেন, 'এরপর সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।'
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ভবনের ভেতরে রয়েছে। এজন্য নিরাপত্তাজনিত কারণে সেখানে কাউকে ভিড়তে দেয়া হচ্ছে না। সুত্রের খবর, ভোর সাড়ে ৬টার দিকে পেছন দিকের ঝিলম নদী থেকে নৌকায় করে হামলাকারীরা সাততলা ভবনে ঢোকে। এখানে ৪০টি কক্ষ রয়েছে।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ইডিআই ভবনে আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছিল। পরে ৪৮ ঘণ্টার সেই অভিযানে এক কর্মকর্তাসহ দুই সৈন্য, অফিসের এক কর্মকর্তা ও তিন হামলাকারী নিহত হয়।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর বারমুল্লায় আরেক হামলায় এক বিএসএফ জওয়ান নিহত ও অপর এক সেনা সদস্য আহত হয়।
এসব হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও তারা তা অস্বীকার করে আসছে। এ নিয়ে পরমাণু শক্তিধর প্রতিবেশী দু'দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তে একাধিকবার উভয় দেশের সেনা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।
জেড





