যৌন নিপীড়নের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে ১২০ সদস্যকে প্রত্যাহার করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নতুন করে সাতটি যৌন নিপীড়নের ঘটনা ঘটার পর জাতিসংঘ এ পদক্ষেপ নিয়েছে।
ইতিমধ্যেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে অভিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর ওই ১২০ সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে। নতুন সাতটিসহ এমন মোট ২০টি ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ।
দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণ করেছে।
গত মাসের শেষদিকে জাতিসংঘ জানিয়েছিল সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।
প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে ওই সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজার এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল। সূত্র:বিবিসি
ওএফ





