আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে পাকিস্তানের করাচি ও বাদিনের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিলুফার’। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর ডননিউজের।
আরব সাগর থেকে ধেয়ে আসা নিলুফারের কারণে করাচি ও বাদিনের উপকূলীয় অঞ্চলে সমুদ্রে গোসলের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাকিস্তান আবহাওয়া বিভাগের প্রধান তাওসিফ আলম জানান, ঘূর্ণিঝড়টি এখনও করাচি থেকে ১১০০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টির উত্তর-পশ্চিম ও পরে উত্তর-পূর্বে গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সিন্ধের করাচি, উমর কোট ও কেটি বান্ডার এলাকায় প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।
ঝড়কবলিত বাসিন্দাদের আশ্রয়ের জন্য করাচির জরুরি শরণার্থী শিবিরগুলো প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে বেলুচিস্তানে জেলেদের আরব সাগরে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আঞ্চলিক প্রশাসন। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে গোয়াদার শহরের ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
এএইচ





