ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় দেশের পারমাণবিক চুক্তি বাতিল করতে মার্কিন ইহুদিদের দিয়ে প্রচার অভিযান শুরু করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে এই চুক্তির বিষয় সবচেয়ে জোরালো ভূমিকা রাখলেও দেশটির কংগ্রেসের রিভিউর মুখোমুখি হচ্ছে তাদের এই সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের উত্তর অঞ্চলের ইহুদিদের আয়োজিত এক ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু পুনরায় দাবি করেছেন যে ১৪ জুলাই'র চুক্তি ইরানকে পারমানবিক বোমা বানানো থেকে বিরত রাখতে পারবে না।

তিনি বলেছেন যে আন্তর্জাতিক অবরোধ তুলে ফেললে তেহরান অর্থনীতি দিক থেকে আরো শক্তিশালী হবে। এর ফলে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধি পাবে।

এক জরিপে দেখা যায়, মার্কিন ইহুদিদের মধ্যে এ বিষয় মিশ্র-প্রতিক্রিয়া রয়েছে।

ওবামা প্রশাসন যুক্তি দেখিয়েছে যে ইরানকে সম্ভাব্য যুদ্ধ থেকে বিরত রাখতেই এই চুক্তি করা হয়েছে। কিন্তু নেতানিয়াহু এর বিরুদ্ধে অবস্থান করছেন।

ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, "আমি এ চুক্তির বিরোধিতা করি না, কারণ আমি যুদ্ধ চাই। আমি এ চুক্তির বিরোধিতা করি, কারণ আমি যুদ্ধ ফেরাতে চাই। এ চুক্তি যুদ্ধ নিয়ে আসবে। এখনই সময় এর বিরদ্ধে দাঁড়ানো। এই চুক্তির বিরোধিতা করুন।"

জেডআই