শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার বিকাল ৫টার দিকে বিমানবন্দরের ক্যানোপি- ২ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে তিন কেজি ওজনের মোট ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ওই যাত্রী বিকাল সাড়ে ৩টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে বাংলাদেশে আসেন।
তিনি আরও জানান, আটক রফিকুলের গ্রামের বাড়ি কুমিল্লা সদরে। তিনি একাধিক বার বিদেশে যাওয়া-আসা করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেএইচ





