ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ ‘পাকিস্তানি সন্ত্রাসী’ এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন।

এনডিটিভ’র প্রতিবেদনে অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জুলাই) কাশ্মীরে ভারত-পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এনডিটিভিকে নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

এনডিটিভি লিখেছে, গত কয়েকদিনের মধ্যে লাইন অব কন্ট্রোলে (এলওসি) ২য় বন্দুকযুদ্ধের ঘটনা এটি। এলওসি ঘিরে যে অস্ত্রবিরতি প্রস্তাব রয়েছে তা বারবার লঙ্ঘিত হচ্ছে। দুর্বল হয়ে পড়ছে ২পক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি; যা খুবই উদ্বেগের।

কাশ্মীরের জম্মু অঞ্চলে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ১ টি ঘাঁটিতে ২৪ ঘণ্টার মধ্যে ২ বার ড্রোন হামলার কয়েকদিন পর ভারতীয় সেনারা বৃহস্পতিবার উপত্যকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাতে গেলে উভয় পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়।

২৬ জুন দিবাগত রাতে জম্মুর ভারতীয় বিমান ঘাঁটিতে অল্প সময়ের ব্যবধানে ২টি হামলা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ফের সেনাঘাঁটিতে ঢুকে পড়েছিল দুটি স্বয়ংক্রিয় চালকহীন উড়ন্ত যান বা ড্রোন। সেনারা গুলি ছুঁড়লে ড্রোন দুটি পালিয়ে যায়।

পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটর দূরের এই সামরিক স্থাপনায় ড্রোন হামলার পর নড়েচড়ে বসে ভারত।

এরপর এলওসিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে আজ এই বন্দুকযুদ্ধের খবর আসলো। তথ্যসূত্র : এনডিটিভি।

এইচএন