ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন চালু করা হবে। লোকসভায় নতুন সরকারের প্রথম রেল বাজেট উত্থাপনকালে রেলমন্ত্রী সদানন্দ গৌড়া এমন ঘোষণা দেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

লোকসভায় রেলমন্ত্রী গৌড়া বলেন, ‘ভারতের রেলওয়েকে অবশ্যই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে হবে। আমি আহমেদাবাদ থেকে গুজরাট পর্যন্ত বুলেট ট্রেন চালুর প্রস্তাব করছি।’ তিনি আরও জানান, এই রুটে বুলেট ট্রেন চালু করার ব্যাপারে অনেক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ‘শতাব্দী এক্সপ্রেস’ বর্তমানে এই দুই নগরের মধ্যে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হলেও এটি পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা সময় লাগে।

উচ্চগতির এ বুলেট ট্রেন সর্বোচ্চ ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে চলতে পারবে। রেলমন্ত্রী এ সময় দিল্লি-আগ্রা, দিল্লি-চণ্ডীগড়, মাইসোর-বেঙ্গালুরু-চেন্নাই, মুম্বাই-গোয়া এবং হায়দরাবাদ-সিকুনদেরাবাদ রুটেও বুলেট ট্রেন চালুর প্রস্তাব করেন। তবে বুলেট ট্রেনের জন্য অবকাঠামো নির্মাণে ‘সরকার-ব্যক্তিমালিকানা’ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

বুলেট ট্রেনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি রুপির দরকার বলে মন্ত্রী জানান। এ ক্ষেত্রে সরকার-ব্যক্তিগত যৌথ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

সারাদেশে সহজ ও দ্রুত যোগাযোগব্যবস্থা করা বর্তমান বিজেপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এরপর লোকসভায় প্রধান চার নগর মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে দ্রুত যোগাযোগের লক্ষ্যে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার বেগে দ্রুতগামী ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন পর্যন্ত ভারতের ১২০ কোটি মানুষের যোগাযোগের জন্য ট্রেন সবচেয়ে সহজ মাধ্যম।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই