বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি সংক্রান্ত বিল পাস করতে উদ্যোগী হয়েছে ভারত। চলতি অধিবেশনেই এই বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ (মঙ্গলবার) সংসদে এ সংক্রান্ত বিলের খসড়া চূড়ান্ত হবে বিদেশ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বিলটি পাস হয়ে যাবে।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে সামনে রেখে তার আগেই বিল পাস করে বাংলাদেশকে উপহার দিতে চাইছে কেন্দ্র সরকার। এরপর জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ছিটমহল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর কোনো আপত্তি নেই। তবে তিনি জানিয়েছেন, ‘এ নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্র সরকারকে। এবং এই ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করতে হবে রাজ্য সরাকারের সঙ্গে আলোচনা করে।’
কার্যত মমতার এই দাবিকে মেনে নিয়েছে কেন্দ্র। ফলে পশ্চিমবঙ্গের দিক থেকে আর কোনো সমস্যাই থাকছে না।
বিগত ইউপিএ সরকারের আমলে ছিটমহল বিনিময়ে সবচেয়ে আপত্তি ছিল আসামের বিজেপি নেতাদের। আপত্তি ছিল আরএসএস-এরও। সেই সময় আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রীয় তৎকালীন বিরোধী নেত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ।
কেন্দ্রে ক্ষমতায় আসার পর এখন বিজেপি’র শীর্ষ নেতৃত্বের অবস্থান বদলে গেছে। এরফলে আসামের যেসব বিজেপি নেতারা এই বিষয়ে আপত্তি জানাচ্ছিলেন, তারাও আর আপত্তি জানাচ্ছেন না। সিপিএম আগে থেকেই রাজি ছিল, কংগ্রেসও এই বিল পাস করানোর পক্ষে। অন্য দলেরও কোনো আপত্তি নেই। ফলে সংসদের শীতকালীন অধিবেশনেই বিতর্ক ছাড়াই এসংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস হতে চলেছে।
১৬ ডিসেম্বরের আগেই যাতে সংসদে এই বিল পাস হয়ে যায়, তাঁর তদারকি করতে ভারতে এসেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের এমপিদের এক প্রতিনিধিদল।
২২ নভেম্বর শনিবার তাঁরা এনিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এমপির নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা একটি প্রতিনিধিদলে ছিলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান,বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহমান, কাজি নাবিল আহমেদ, পঙ্কজ আহমেদ, মুস্তাফা লুৎফুল্লাহ, নাহিম রাজ্জাক, মাহজবিন খালেদ ও শফিকুল ইসলাম।
সোমবার তাঁরা পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। বিজেপির চন্দন মিত্রের সঙ্গেও তাঁদের কথা হয়েছে। আজ মঙ্গলবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর এবং বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের সঙ্গে তাঁরা দেখা করবেন।
ইআর





