ভারতের আসামের কোকরাঝাড় জেলায় বোরোল্যান্ড বিদ্রোহীরা এক দুইটি নয়, সাতবার গুলি করে সাত বছর বয়সি এক শিশুকে। কালু তদু নামের শিশুটি এরপরও বেঁচে রয়েছে। বর্তমানে আসামের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে।
মঙ্গলবার রাতে বোরো বিদ্রোহীদের হামলায় প্রায় ৪৫ জন নিহত হয়। আহত হয়েছে আরো অর্ধশতাধিক। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসার জন্য আনা ১৭ জনের মধ্যে সে একজন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার রাতে কোকরাঝাড় শহর থেকে আট কিলোমিটার দূরে পাকরিগুরি গ্রামের ছোট্ট ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিল সে। এরপর সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায় বোরো বিদ্রোহীরা। মুখে, হাতে, কোমড়সহ তদুর শরীরের আরো কয়েক স্থানে বুলেটবিদ্ধ হয়। বোরোদের বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন তার মা।
তদুর বাবা সোম তদু জানান, আমার বড় ছেলেও গুলিবিদ্ধ হয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। কালু তদুকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। অন্য সন্তানেরা ঘরের ভেতর থাকায় তাদের কিছু হয়নি।
বোরোদের হামলায় শিশুই নয়, নিরীহ অনেকেই গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রানি বাসুমাতৃ (৫০) তাদের একজন। তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। রানির স্বামী বিশ্বনাথ জানান, চিরং জেলার সনিতপুর গ্রামে আমাদের বসবাস। আমাদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে তারা। এখন কিছুই নেই আমাদের।
নিজেদের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন সশস্ত্র বিদ্রোহ করে আসছে বোরোরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
কেএইচ





