নাইজেরিয়ায় আবারো নারী অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে ৬০ জন নারীকে অপহরণ করা হয়। অপহরণের জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
এর আগে অপহৃত কয়েক'শ নারী ও কিশোরীকে যখন মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে তখনই আবার এ ঘটনা ঘটলো। এ ছাড়াও সরকারের সঙ্গে বোকো হারামের অস্ত্র বিরতি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আর লোকজন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উদযাপন করার সময়ই অপহরণের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইলিয়াসু আদামু এ ব্যাপারে বলেন, "লোকজন অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়টি রাস্তায় নেমে উদযাপন করছিল যখন তখন গোজা এলাকা থেকে ৪০ জনকে অপহরণ করা হয়। এ ছাড়া গার্তা এলাকা থেকে আরও ২০ জন নারীকে অপহরণ করা হয়।"
উল্লেখ্য, গত শুক্রবার সরকার ও বোকো হারামের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় বলে ঘোষণা দেয় দেশটির সরকার। চুক্তি মাধ্যমে এর আগে অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীকে মুক্তি দেয় বোকো হারাম। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
এসএমএ





