আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি মানবে না বলে প্রকাশ্য ঘোষণা দিয়েছে। দেশ তিনটি বলেছে, তারা কখনই এ চুক্তির অংশীদার হবে না। চুক্তিতে সই করেছে ১২২টি দেশ।
শুক্রবার (০৭ জুলাই)জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বকে পরমাণু অস্ত্রের অভিশাপ থেকে মুক্তি দেয়ার জন্য ঐতিহাসিক একটি পদক্ষেপ নিয়েছে। এর আওতায় পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে জাতিসংঘ সদরদপ্তরে একটি প্রস্তাব পাস করা হয়েছে যা জাতিসংঘের সব দেশ মেনে চলতে আইনগতভাবে বাধ্য।
কিন্তু আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যৌথ এক বিবৃতিতে দাবি করেছে, “এ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার বাস্তবতাকে পরিষ্কারভাবে অস্বীকার করা হয়েছে। আমরা পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের আলোচনায় যোগ দেই নি এবং আমরা এ চুক্তিতে সই করব না এবং কখনো তা অনুমোদন দেব না। এ চুক্তির কখনো অংশীদারও হব না আমরা।”
দেশ ৩টি দাবি করছে, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন রয়েছে।
অবশ্য, মূল আলোচনায় পরমাণু শক্তিধর আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইহুদিবাদী ইসরাইল যোগ দেয় নি।
এমবি





