কলাম্বিয়ার অপহৃত এক জেনারেলের মুক্তি দেয়ার শর্তে ঐকমত্যে পৌঁছেছে বামপন্থী ফার্ক গেরিলা গোষ্ঠী এবং দেশটির সরকার।

হাভানা থেকে এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কিউবা এবং নরওয়ের কর্মকর্তারা। যত দ্রুত সম্ভব অপহৃত জেনারেলসহ চার ব্যক্তিকে মুক্তি দেয়া হবে বলে জানানো হলেও এ চুক্তির বিষয়ে বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

রোববার চোকো অঞ্চলের একটি গ্রামীণ এলাকা থেকে ওই জেনারেলসহ দুই ব্যক্তিকে অপহরণ করে তারা। অন্য দুই ব্যক্তির একজন কর্পোরাল এবং অপরজন সামরিক বাহিনীর উপদেষ্টা বলে জানানো হয়েছে। এর এক সপ্তাহ আগেও দুই সেনাকে অপহরণ করেছিল ফার্ক।

জেনারেল রুবেন আলজাটিকে অপহরণের পরিপ্রেক্ষিতে দু'পক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা স্থগিত করে দেয়া হয়। দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস বলেছেন, অপহৃত জেনারেলকে মুক্তি দেয়া হলে এ আলোচনা আবার শুরু হতে পারে।

এদিকে ফার্ক বলেছে, শান্তি আলোচনা চলার সময় সামরিক অভিযান চলতে থাকায় তারা জেনারেলকে অপহরণ করেছে। অবশ্য এ অপহরণের ঘটনাকে কেন্দ্র করে দুই বছর ধরে চলমান শান্তি আলোচনার ভবিষ্যত নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ইআর