বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে কাশ্মীরের জন্য সবাইকে প্রার্থনা করারও আহ্বান জানান তিনি।

১৯ আগস্টকে বিশ্ব মানবিকতা দিবস হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। প্রতি বছরই বিভিন্নভাবে তা পালন করে একাধিক রাষ্ট্র। তবে এই মুহূর্তে ভারতে মানবাধিকার নেই বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতা তার টুইটে লিখেন, আজ বিশ্ব মানবতা দিবস। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। আসুন আমরা প্রার্থনা করি কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য। মান‌বাধিকার বিষয়টি আমার ‌হৃদয়ের খুব কাছের। ১৯৯৫ সালে আমি হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে মানবাধিকার রক্ষার জন্য ২১ দিন রাস্তায় ছিলাম।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল পেশ করেছিল লোকসভায়। সেই বিল পাসও হয়ে গেছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।

তখন থেকে কাশ্মীরে চলছে অবরুদ্ধ পরিস্থিতি। মানুষজন ঠিকমতো বাড়িঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি ফোন বা ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না।

এটি কতদিন চলবে সে সম্পর্কে জানতে চাইলে জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের উপদেষ্টা কে বিজয়া কুমার বলেছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।

এএস