বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৯ জনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৩ জনে পৌঁছেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৭৫১ জন।

নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এই খবর জানিয়েছে।

চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার পর চীন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের অবস্থা নিয়ন্ত্রণহীন।

এর মধ্যে ইউরোপে চলছে মৃত্যুর মিছিল। ইতালিতে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। চীন থেকে ইতালিতে বিশেষজ্ঞ টিম এলেও সেখানে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

একদিনের মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে অন্যদিনের সংখ্যাকে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর খবর।

এর ফলে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে ইতালির সরকার।

এমবি