অতিরিক্ত ওজন ও স্থুলতার কারণে প্রতি বছর যুবক বয়সেই নতুন করে অন্তত ৫ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যা বিশ্বের প্রাণঘাতী এ রোগে মোট আক্রান্তের ৩.৬ শতাংশ। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ল্যানসেট অনকোলজি-তে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনের লেখকরা বলেন, এই সব কেসের এক চতুর্থাংশ ‘বাস্তবসম্মতভাবে এড়ানো’সম্ভব। খবর এএফপির।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)’র বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ২০১২ সালে ১৮৪ টি দেশের ক্যান্সার ও মৃত্যুর বিরাট ডাটাবেসসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়।

পুরুষদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার নতুন ক্যান্সার কেসের জন্য স্থুলতাকে দায়ী করা হয়। এদের দুই-তৃতীয়াংশের বেশি কোলন ও কিডনি ক্যান্সারে আক্রান্ত হন।

স্থুলতার কারণে প্রতি বছর ৩ লাখ ৪৫ হাজার নারী ক্যান্সারে আক্রান্ত হন। এদের তিন-চতুর্থাংশ ঋতুজরা পরবর্তী সময়ে ব্রেস্ট ক্যান্সার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হন।

উন্নত দেশগুলোতে ক্যান্সারের বিস্তারের ক্ষেত্রে উত্তর আমেরিকার দেশগুলোতে স্থ’লতার কারণে এই রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। স্থুলতার কারণে নতুন ক্যান্সার রোগীর প্রায় এক চতুর্থাংশই এই অঞ্চলে বাস করে।

সাব-সাহারান আফ্রিকায় এই সংখ্যা সবচেয়ে কম। সেখানে প্রাণঘাতী এই সংখ্যা মাত্র ৭ হাজার ৩০০ জন।

এমএ