সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যায় প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা।

গতকাল মঙ্গলবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সমাবেশে প্রবাসী লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদীরা বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এসব ঘটনায় উগ্রপন্থীদের প্রশ্রয়দাতারা উৎসাহিত হচ্ছে।

এসব হত্যাকাণ্ডের পরও সরকার হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হচ্ছে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একটি ভীতিকর জনপদ হিসেবে পরিচিত হয়ে উঠছে।

মুক্তচিন্তার ব্যক্তিদের ওপর ক্রমাগত হামলা ও হত্যার ঘটনা দেশের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, উগ্রবাদীদের উত্থান এখনই বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এই ব্যর্থতার চড়া মাশুল দিতে হবে।

সমাবেশে বক্তারা বিজয় হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার, মুক্তচিন্তার লেখকদের চিন্তার স্বাধীনতা ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ উল্লাহ, নাসির আলী, নিনি ওয়াহেদ, মিনহাজ সাম্মু, হায়দার আকবর কিরণ, শিবলি সাদিক, মাহফুজা ইসলাম, গোপাল সান্যাল।

ব্লগার বিজয়কে হত্যার ঘটনা পশ্চিমা গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মুক্তমনা লেখকদের ওপর একের পর এক হামলা ও হত্যার ঘটনা এসব প্রতিবেদনে তুলে ধরা হয়।

এমকে