অতীতে যদি কোন ভুল করে থাকেন তাহলে তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রাখলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলীয় নেতা মাহাথির মোহাম্মদ। গতকাল শনিবার দলের সাধারণ সভায় দেওয়া বক্তব্যে মাহাথির এ ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, আমি বক্তব্য শেষ করার আগে বলতে চাই, অতীতে আমার কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অথবা আমি যদি কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আমি অন্য সবার মতোই মানুষ। আমি হয়তো কোনো ভুল করে থাকতে পারি। কেবল আজকের জন্য নয়, যতদিন রাজনীতিতে থাকবো ততদিনই ভুল হতে পারে। তবে আমি একাকী কোনো ভুল করিনি।
মাহাথির মালয়েশিয়াকে আরো উন্নত করতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। ড. মাহাথির বর্তমানে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত জোটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২২ বছর ক্ষমতায় ছিলেন।
৯২ বছর বয়সী মাহাথির প্রিবুমি বারসাতু মালয়েশিয়া পার্টির চেয়ারম্যান এবং পাকাতান হারাপান নামের জোটেরও চেয়ারম্যান। আগামী বছরের মাঝামাঝিতে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। ধারণা করা হচ্ছে মাহাথিরের নেতৃত্বাধীন জোটই নির্বাচনে জয় পাবে। খবর দ্য স্ট্রেইট টাইমসের
জেড





