বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কানাডা সরকার।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে কানাডা সরকারের এমন মনোভাব ব্যক্ত করেন দেশটির জ্যেষ্ঠ উপমন্ত্রী পিটার বোয়েমের (Peter Boehm)।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান হয়।
জানা গেছে, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশ-কানাডা দ্বি-পাক্ষিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারাবাহিক বৈঠকে কানাডার অটোয়ায় অবস্থান করছেন।
পররাষ্ট্র সচিব কানাডার পররাষ্ট্র বিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী পিটার বোয়েমের (Peter Boehm) সঙ্গে বৈঠক করেন। এ সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে কানাডা সরকারকে অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিবের অনুরোধের প্রেক্ষিতে কানাডার জ্যেষ্ঠ উপমন্ত্রী জানান, কানাডা সরকার বিষয়টি সর্বাধিক গুরুত্বে সঙ্গে বিবেচনা করবে।
এ ছাড়া কানাডার বাণিজ্য সংক্রান্ত উপমন্ত্রী ক্রিস্টিয়ান হোগানের সঙ্গে দুই দেশের ব্যবসা উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশী পরিমাণে পণ্য আমদানির জন্য কানাডা সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব। জাহাজ নির্মাণ শিল্প, হালকা প্রকৌশল শিল্প, সিরামিক, ওষুধ শিল্প, বৈদ্যুতিক যন্ত্র ও প্রযুক্তি খাতে বিনিয়োগেরও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
দুই দেশের মধ্যে বর্তমানে প্রতি বছর এক দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য বিনিময় হচ্ছে। যার মধ্যে বাংলাদেশ প্রতি বছর এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য কানাডায় রফতানি করছে।
জেআই





