ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কে তুলে দেয়ার কথা বললেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আলোচিত সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নিজ দলের রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বসুকে গ্রেফতারের পর এ মন্তব্য করলেন মমতা।
তিনি আরো দাবি জানান, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বদলে নতুন সংস্থা তৈরি করা উচিত।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সভায় এমপি, এমএলএ নেতাকর্মীদের সামনে তিনি কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারির কথা বলেন।
পশ্চিমবঙ্গে বিরোধী দলে থাকাকালীন যে কোনো ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেও ক্ষমতায় এসে মমতা এখন নিজেই সিবিআই কে তুলে দেয়ার কথা বলছেন।
সারদা কেলেঙ্কারিতে এ পর্যন্ত তৃণমূলের দুই সংসদ সদস্য গ্রেফতার হয়েছেন। এ ছাড়া সিবিআই মমতা সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে তলব করেছে।
ইআর





