দখলদার ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণাঞ্চলীয় নেগেব মরুভূমির জিকিম নৌ ঘাঁটিসহ ইসরাইলের গভীরে নিয়মিত আঘাত হানছে এ সব রকেট।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল-কাসসাম ব্রিগেডের ছোঁড়া রকেট শনিবার ইসরাইলি সেদরোদ শহর এবং পশ্চিমাঞ্চলীয় নেগেব মরুভূমির আশপাশের এলাকায় আঘাত হেনেছে।
নেগেব মরুভূমির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অংশে অবস্থিত নাহাল ওজ এবং আলুমিম শহরও রকেট হামলার হাত থেকে রক্ষা পায়নি। এশকোল শহরে আঘাত হেনেছে হামাসের রকেট বৃষ্টি।
শনিবার পর্যন্ত ২৬ দিনের অসম যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ৬৪ ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরাইল। অবশ্য হামাসের হিসাবে নিহতের সংখ্যা দেড় শতাধিক।
এদিকে, উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ দখলদার ইসরাইলি সেনারা হামাসের সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে একের পর এক ফিলিস্তিনি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি রোববার সকালেও একটি স্কুলে হামলা চালিয়ে যায়নবাদী ইসরাইলি সেনারা হত্যা করেছে ১১ ফিলিস্তিনিকে।
এর আগে শনিবার একইভাবে একটি স্কুলে হামলা চালিয়ে একই পরিবারের ১০জনসহ ২২জনকে হত্যা করে দখলদার ইসরাইলি সেনারা।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





