ট্রেন চলছে, কিন্তু পিছনে উড়ছে টাকা আর টাকা। ভারতের উত্তর প্রদেশের দরিয়াপুরে এসেই শতাব্দী এক্সপ্রেস থেকে এমনি করে ঝরে পড়েছে আচমকা টাকার বৃষ্টি। বুধবার দেশটির একটি সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সকালে ঘুমচোখে ক্ষেতে কাজ করতে এসেছিলেন বুজুর্গ গ্রামের চাষিরা। ক্ষেতের পাশেই রেললাইন। প্রায় রোজকার মতো সে দিনও দিল্লি-মোরাদাবাদ ডাউন ট্র্যাক দিয়ে যাচ্ছিল দিল্লি-কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস।

কিন্তু হঠাৎ একটি দৃশ্য দেখে চাষিদের চক্ষু চড়কগাছ। প্রথমে চোখের ভুল ভেবে ছিলেন। কিন্তু পরে বুঝতে পারলেন, গল্প নয় সত্যি। ওই ট্রেনের একটি কামরা থেকেই উড়ে আসছিল ৫০০, ১০০০-এর নোট, খান কতক ১০০ টাকার নোটও ছিল। টাকা উড়তে দেখেই ট্রেনের পিছু নেন ১৫-১৬ জন গ্রামবাসী।

বুজুর্গ গ্রাম থেকে মহেসারা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় এ ভাবেই ট্রেন থেকে টাকা উড়তে থাকে। আর সেই টাকা নেওয়ার জন্য গ্রামবাসীরা ওই দেড় কিলোমিটার পর্যন্ত ট্রেনের পিছু ছাড়েননি।

৪২সি রেলগেটের সামনে এই ঘটনাটি দেখে তাজ্জব বনে গিয়েছিলেন ক্যাবিনম্যান দিলীপ সৈনিও। তবে তিনি আর ট্রেনের পিছনে না-দৌড়ে তড়িঘড়ি রেল আধিকারিকদের খবর দেন। এর পরই সিও-র নির্দেশে গজরৌলা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ