কানাডার টরোন্টোতে ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপরে গাড়ি চালিয়ে দিয়ে ১০ জনকে হত্যার ঘটনা ঘটেছে।

 

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে এই হামলার ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে মর্মান্তিক এক কাণ্ডজ্ঞানহীন হামলা হিসেবে বর্ণনা করেছেন।

 

বিবিসি জানিয়েছে, হামলার ঘটনার পর কয়েকটি স্ট্রিট দূরে অ্যালেক মিনাসিয়ান নামের ২৫ বছর বয়সী এক সন্দেহভাজন তরুণকে পুলিশ গ্রেফতার করেছে।

 

টরোন্টোর পুলিশ বিভাগের প্রধান মার্ক সন্ডার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার ধরন দেখে তারা নিশ্চিত, পথচারীদের ওপর ভ্যান তুলে দেওয়া হয়েছিল ‘ইচ্ছাকৃতভাবে’।

 

কানাডার সবচেয়ে বড় শহর টরোন্টোর উত্তরাংশে যখন এই হামলার ঘটনা ঘটে,  ঘড়িতে তখন বেলা প্রায় দেড়টা; অর্থাৎ দুপুরের খাবার সময়।

 

ফিঞ্চ এভিনিউ ও ইয়ঞ্জ স্ট্রিটের প্রায় দুই কিলোমিটার ফুটপাতে মানুষের মধ্যে দিয়ে সাদা রঙের ওই ভাড়া করা ভ্যান চালিয়ে নিয়ে যায় হামলাকারী।  ঘ্টনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে শহরের কেন্দ্রে তখন উন্নত সাত দেশের জোট জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছিল।

 

ওই ভ্যানের পেছনে থাকা এক গাড়ির চালক স্থানীয় সিটি নিউজকে বলেন,  “সামনে যা আসছিল তার ওপরই আঘাত করছিলেন চালক। মানুষ, আগুন নেভানোর জন্য পানির কল, মেইল বাক্সের ওপর ভ্যান উঠিয়ে দেওয়া হয়।”

 

প্রত্যক্ষদর্শী বলেন, “আমি দেখেছি অন্তত ছয়-সাতজনকে আঘাত করা হলো এবং তারা উড়ে গেল। মনে হয় তারা রাস্তাতেই মারা গেল।”

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অটোয়া থেকে টুইটারে বলেন, “টরোন্টোর ইয়ঞ্জ স্ট্রিট ও ফিঞ্চের ঘটনায় আক্রান্তদের সমবেদনা জানাচ্ছি।”তিনি বলেন, “যারা ঘটনার পর দ্রুত পরিস্থিতি মোকাবিলা করেছেন তাদের ধন্যবাদ - আমরা মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

 

টরোন্টোর মেয়র জন টরি বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা কীভাবে জীবনযাপন করি বা আমরা কারা তা এ ঘটনা দিয়ে বোঝা যায় না।”

 

এমবি