পাক-ভারত যুদ্ধাবস্থা চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন ভারতামান’কে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ (২৭ ফেব্রুয়ারি) বুধবার এই ভিডিওতে অভিনন্দন পাকিস্তান আর্মির ওই সদস্যকে মেজর বলে সম্বোধন করেন।  

এই ভিডিওতে দেখা যায় উইং কমান্ডার অভিনন্দন হাতে একটি চায়ের কাপ ধরে আছেন। পাকিস্তানি বাহিনীর কাছে আটকের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তার মুখে যে রক্ত দেখা গেছে তা এই ভিডিওতে রক্তমাখা চেহারা পরিষ্কার করা হয়েছে।

এই ভিডিওতে অভিনন্দনকে পাকিস্তানি মেজরের নানা প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায়। এসময় অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন। তারা আপদমস্তক ভদ্রলোক বলে মন্তব্য করেন তিনি।

উইং কমান্ডার অভিনন্দন বলেন, আমি যদি আমার দেশে ফিরে যেতে পারি তখনো আমার অবস্থান পরিবর্তন হবে না। এমন ব্যবহারই আমি অন্য আর্মির কাছ থেকে আশা করি।

এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ভারতের কোথায় আপনার বাড়ি? উত্তরে তিনি বিনীতভাবে বলেন, মেজর, আমার কি আপনাকে এটা বলার কথা? তবে এটুকু বলি আমার বাড়ি নিম্ন দক্ষিণ ভারতের দিকে। এরপরের প্রশ্ন ছিল আপনি কি বিবাহিত? 

অভিনন্দন বলেন, হ্যাঁ। পাকিস্তানি মেজর আরো প্রশ্ন করেন, কোন যুদ্ধবিমানটি আপনি চালাচ্ছিলেন? 

এই প্রশ্নের উত্তরে অভিনন্দন একটু দ্বিধাবোধ করে বলেন, আমি দুঃখিত, আপনারা ইতোমধ্যেই রেকর্ডস পেয়ে তা জেনে থাকবেন।

এরপর তাকে আরো প্রশ্ন করা হয়, আপনার মিশন কী ছিল?

এ প্রশ্নের উত্তরে বিনীতভাবে এড়িয়ে অভিনন্দন বলেন,  দুঃখিত আমার এটা আপনাকে বলার কথা না। 

এর আগে আটকের পরপরই এক ভিডিওতে দেখা যায়, অভিনন্দন নিজের পরিচয় দিচ্ছেন। সেখানে তাঁর চোখ ও হাত বাঁধা ছিল। সেসময় তিনি জানতে চান তিনি পাকিস্তানি সেনাদের হাতে আছেন কি না।

আজ (২৭ ফেব্রুয়ারি) বুধবার পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে পাকিস্তান বিমান বাহিনী দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেন।

এমবি