ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানে এক তরুণীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও থেকে খবরটি প্রকাশ হয়। গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ভিডিওটি ৩০ সেকেন্ডের। তবে এ ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গর্তে থাকা সেই তরুণীকে ঘিরে একদল মানুষ পাথর ছুঁড়ছে। আর সে তরুণীটি চিৎকার করছেন। অন্যদিকে তার প্রেমিককে চাবুক মারা হচ্ছে। তবে তরুণীর মৃত্যু ভিডিওতে দেখা যায়নি। তার আগেই ভিডিও শেষ হয়ে যায়।
তালেবান নিয়ন্ত্রিত ঘোর প্রদেশে এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর সীমা জয়েন্দা এ খবর জানান।
তিনি জানান, ওই তরুণীর নাম রুখসানা। বয়স ১৯ বছর। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এ ঘটনা ঘটে।
জয়েন্দারের ভাষ্য, তার পরিবার জোর করে তাকে এক বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দেয়। সে তা মেনে নিতে পারে না। পরে সে পালিয়ে যায়। এরপরই তাকে প্রেমিকসহ ধরে আনা হয়।
রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে, সেই তরুণী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রুখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।
আফগানিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়।
এমএইচ





