ইসলামি স্টেটের (আইএস) হাতে বন্দি ব্রিটিশ ট্যাক্সিচালক অ্যালান হেনিংকে ছেড়ে দেয়ার জন্য আকুতি জানিয়েছেন স্ত্রী বারবারা হেনিং। তার পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে ছেড়ে দেয়ার আকুতি জানান তিনি।
গত বছর সিরিয়ায় একটি দাতব্য সংস্থার জন্য মানবিক ত্রাণ বোঝাই গাড়ি নিয়ে সিরিয়া সফরের সময় তাকে আটক করে জঙ্গিরা। গত দশ মাস ধরে তিনি তাদের হাতে আটক রয়েছেন। তবে, আইএস-এর পক্ষ থেকে চিঠির কোন উত্তর পাওয়া যায়নি।
গত শনিবার ব্রিটিশ নাগরিক ডেভিড হেইন্সকে হত্যার যে ভিডিও চিত্র প্রকাশ করেছে সেখানেই শেষবারের মত দেখা গেছে দু সন্তানের জনক অ্যালান হেনিংকে। তাকেও হত্যার হুমকি দিয়েছে আইএস।ওই ভিডিও চিত্রটি প্রকাশের পরপরই স্বামীর মুক্তি চেয়ে আইএসের কাছে আকুল আবেদন জানিয়েছেন বারবারা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তিনি এ বার্তা পাঠান বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
ওই আবেদনে বারবারা স্বামী অ্যালানকে একজন শান্তিকামী ও নিস্বার্থ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন,‘সিরিয়ার মুসলিম সহকর্মী এবং বন্ধুদের জন্য যুক্তরাজ্যে পরিবার পরিজনকে ছেড়ে ত্রাণ নিয়ে গিয়েছিলেন ট্যাক্সিচালক অ্যালান। তিনি যে অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন সেটি ভরা ছিল খাদ্য আর পানি দিয়ে। ত্রাণ পৌঁছানো ছাড়া সিরিয়ায় যাওয়ার তার আর কোনো উদ্দেশ্য ছিল না। স্রেফ সমবেদনা থেকেই এতবড় ঝুঁকি নিয়েছিলেন তিনি।’
বারবারা আইএস যোদ্ধাদের উদ্দেশ্য করে আরো বলেন,‘যারা অ্যালানকে আটকে রেখেছে তাদের কাছে আমার আবেদন, তারা যেন আমার এ বার্তার উত্তর দেন এবং অনেক দেরি হওয়ার আগেই যেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন। ’
রোববার বিবিসি এবং আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, বারবারা এর আগেও আইএসের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। সূত্র: বিবিসি
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





