ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বাঘ ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার দমকল কর্মী ও পুলিশ সদস্যরা দিনব্যাপী বাঘটির খোঁজে ব্যাপক তল্লাশি চালালেও তারা সফল হয়নি।
শহরের আতঙ্কিত মানুষকে বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। বাঘটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপি’র।
সকাল বেলা ডিজনিল্যা- প্যারিসের খুব কাছের শহর মঁতেভ্রেঁর এক সুপারমার্কেটের কার পার্কিংয়ে বাঘটিকে দেখে স্থানীয় এক মহিলা একটি চিৎকার করে ওঠেন। এরপর আরো কয়েকজন লোকও বাঘটিকে দেখতে পান।
তারা জানান, তারা বাঘটিকে ঘুরাঘুরি করতে দেখেছেন।
ট্রানকুইলাইসিং গান (ঘুমপাড়ানিয়া বন্দুক) নিয়ে শতাধিক পুলিশ ও দমকল কর্মকর্তা প্যারিসের নিকটস্থ সিঁ-ইত-মাঁ এলাকার কাছে দিনব্যাপী নিস্ফল তল্লাশি চালায়। আকাশে চক্কর দেয় হেলিকপ্টার।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং বাচ্চাদের স্কুল থেকে নিয়ে যেতে গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছে।
টাউন হল কর্মকর্তা সেদ্রিক ত্রাতাউদ-গিনেস্তে বলেন, ‘কেউ বাঘটিকে দেখতে পেলে পুলিশ বা দমকল বাহিনীকে খবর দিন।’
তল্লাশি অভিযানে সহায়তার জন্য প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছে। রাতের আঁধার ঘনিয়ে এলে কর্মকর্তারা সকাল পর্যন্ত তল্লাশী অভিযান স্থগিত রেখেছেন।
জেডআই





