ইউরো জোনের সঙ্গে হওয়া উদ্ধার চুক্তি নিয়ে নিজের দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন গ্রীসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস।
ক্ষমতাসীন জোট, নিজের দল ও দলের বাইরে-সবখানেই সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, অত্যন্ত অবমাননাকর সব শর্ত মেনে মি. সিপ্রাস এই চুক্তি করে এসেছেন।
ফলে চুক্তির শর্তানুযায়ী, কর বৃদ্ধি, পেনশন কর্তন এবং চাকুরিবিধিতে পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি মি. সিপ্রাস ইউরোপের নেতাদের দিয়েছেন, তা পার্লামেন্টে পাশ করানো সহজ হবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে।
আগামী বুধবারের মধ্যে এসব সংস্কার প্রস্তাব পার্লামেন্টে পাশ করাতে হবে।
গ্রীসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস, যিনি সরকারের শরিক একটি ছোট দলের নেতা, তিনি এই চুক্তিকে এক অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন।
ওদিকে, ক্ষমতাসীন সিরিজা পার্টির কট্টরপন্থীরাও এই চুক্তিকে গ্রীসের জন্য অবমাননাকর বলে সমালোচনা করছে।
ইতিমধ্যে দেশটির শ্রমমন্ত্রী আভাস দিয়েছেন, কাজটি মোটেই সহজ হবে না।
এদিকে, বুধবার দেশটির সরকারী কর্মজীবীদের একটি সংগঠন দিনব্যাপী ধর্মঘট আহবান করেছে।
গ্রীসে বাংলাদেশি কমিউনিটির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বলছেন, চুক্তির পর সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
আগামী বুধবারের মধ্যেই দেশের বন্ধ ব্যাংকগুলো খুলে দেয়া হবে বলেও তাদের আশা। সূত্র: বিবিসি
এআর





