নিউজিল্যান্ডের জনগণ বর্তমান জাতীয় পতাকা পরিবর্তন করে নতুন নকশার পতাকাকে বেছে নেবেন কিনা সে লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ভোট দিতে পারবেন।
বিবিসি বলছে, ২৪ মার্চ পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে এই চূড়ান্ত গণভোটে ভোট দেওয়া যাবে।
এর আগে কয়েকটি নকশার মধ্য থেকে একটি নকশা নির্বাচনের লক্ষ্যে গণভোট হয়েছিল। সেই ভোটে নির্বাচিত পতাকা ও বর্তমান পতাকার মধ্যে একটিকে বেছে নেওয়ার জন্যেই এই গণভোট।
বর্তমান জাতীয় পতাকার সঙ্গে কালো ও নীল রঙয়ের জমিনে রুপালি ফার্ন এবং পাশে চারটি তারকা সম্বলিত নতুন এই পতাকা এবং বর্তমান জাতীয় পতাকার মধ্যে একটিকে ভোটের মাধ্যমে বেছে নেবে জনগণ।
নিউজিল্যান্ডের বর্তমান পতাকার এককোণে যুক্তরাজ্যের পতাকা ইউনিয়ন জ্যাকের নকশা রয়েছে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী এই পতাকা নিয়ে আপত্তি তোলেন জন কি।
তার যুক্তি, নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় পতাকা একটি ঐতিহাসিক সময়কে তুলে ধরে যার থেকে নিউজিল্যান্ড অনেক দূরে সরে এসেছে।
২০১৫ সালের শুরুতে তিনি নতুন জাতীয় পতাকার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন জাতীয় পতাকার নকশা পাঠানোর আহ্বান জানান।
প্রায় ১০ হাজার নকশা থেকে পাঁচটির সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং ওই পাঁচটি পতাকায় জনগণকে ভোট দিতে বলা হয়। নির্বাচিত নতুন পতাকাটির নকশা করেছেন নিউজিল্যান্ডের স্থপতি কেলি লকউড।
রুপালি ফার্ন নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক এবং চারটি তারকা সাউদার্ন ক্রসের প্রতীক। পতাকা সংস্কারের পুরো কাজে প্রায় এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতো বিপুল অর্থ ব্যয় নিয়ে নিউজিল্যান্ডের নাগরিকরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। বিবিসি।
এমবি





