এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত প্রায় ১ লাখ মার্কিন ডলারের বেশী নগদ অর্থ পুরস্কার পাবেন। ২০১৭ সালের নোবেল পুরস্কার ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে সোমবার নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
স্টকহোমে বেসরকারি এ প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে নোবেল ফাউন্ডেশনের বোর্ড পরিচালকরা এ সিদ্ধান্ত নেন।
প্রতিটি বিভাগে ২০১৭ সালের নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লাখ মার্কিন ডলার। নগদ পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে সাড়ে ১২ শতাংশ।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে এক কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ ২২ হাজার মার্কিন ডলার) অর্থ পুরস্কার দেওয়া হচ্ছিল। ২০১২ সালে তা ২০ শতাংশ কমিয়ে এক কোটি ক্রোনা থেকে ৮০ লাখ ক্রোনা (প্রায় ৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) করা হয়।
এবছর আবার ৮০ লাখ ক্রোনা থেকে বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা (প্রায় ১১ লাখ মার্কিন ডলার) করা হচ্ছে।
উল্লেখ্য, ডিনামাইট উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তহবিল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের এ বিশাল অংকের অর্থ পুরস্কার দেওয়া হয়।
নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে।
সে নিয়ম অনুযায়ী আগামী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে।
এমএ





