করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ১০৬ জন বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

আর দেশটিতে নতুন এ করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এখন চার হাজারেরও বেশি।

ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরো বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার। থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার চীন থেকে আসা আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ড সরকার।

থাইল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে পাঁচজন চীনের হুবেই প্রদেশ থেকে এসেছেন। তাদের বয়স ৬ থেকে ৭০ বছরের মধ্যে। এছাড়া আরেকজন চীনের চংকিং থেকে এসেছেন।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য সচিব সুখুম কাঞ্চানাপিমাই বলেন, এখন থেকে চীন থেকে আসা সকল যাত্রীদেরকেই বিমানবন্দরে পরীক্ষা করা হবে।

এদিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কোন ওষুধ আবিষ্কার হয়নি। চীনা কর্তৃপক্ষ জানায়, ভাইরাসটির কার্যকরী কোনো প্রতিষেধক নেই।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন।

এএস