মালয়েশিয়ার জোহর শহরে একটি কাপড় ধোয়ার দোকান বা ধোবিখানা 'শুধু মুসলিম ক্রেতাদের জন্য' সেবা দিচ্ছে।

মালয়েশিয়ায় দু-তৃতীয়াংশ জনগোষ্ঠী মুসলিম। এ সপ্তাহের শুরুর দিকে জোহর শহরে এমন এক 'মুসলিম-বান্ধব' লন্ড্রীর বিজ্ঞাপনের ছবি বেরুনোর পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এতে বলা হয়, "এই লন্ড্রী বিশুদ্ধতার স্বার্থে শুধু মুসলিম গ্রাহক নিয়ে থাকে। এতে কারো অসুবিধা হয়ে থাকলে আমরা দু:খিত।"

এসব ধোবিখানায় অনেকগুলো ওয়াশিং মেশিন থাকে - যেখানে লোকেরা পয়সার বিনিময়ে নিজেদের কাপড় নিজেরা ধোলাই করিয়ে নিতে পারেন।

দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে দি স্টার সংবাদপত্রকে বলেন, "মুসলিমদের জন্য এটা শুধু পরিষ্কার কাপড়চোপড়ের ব্যাপার নয়, আমি বলছি সার্বিক অর্থে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা। আর এখানে আমি মুসলিমদের জন্য সেই সুযোগই করে দিয়েছি।"

তিনি বলেন, তার গ্রাহকরাই এরকম একটি সেবা চালু করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। মালয়েশিয়ান ইনসাইট নামে একটি ওয়েবসাইট বলছে, এক মাস আগেই এই নতুন সেবার সাইনবোর্ড দেয়া হয়।

এমবি