গাজা উপত্যকায় ‘ছায়া সরকার’ পরিচালনার অভিযোগ অস্বীকার করেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মিশাল।

তিউনিশিয়া সফরে গিয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনে একটি ঐক্য সরকার ক্ষমতায় রয়েছে; ফলে গাজায় একটি সমান্তরাল সরকার পরিচালনার অভিযোগ বাস্তবতা বিবর্জিত।

সম্প্রতি ফাতাহ ও হামাসের সমন্বয়ে গঠিত ফিলিস্তিনের ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, গাজায় ছায়া সরকার চালাচ্ছে হামাস। এ অবস্থা চলতে থাকলে তিনি ঐক্য সরকার ভেঙে দেয়ারও হুমকি দেন।

কিন্তু তিউনিশিয়ার প্রেসিডেন্ট মুন্সেফ মারজুকির সঙ্গে সাক্ষাতের পর খালেদ মিশাল বলেছেন, সরকারের মন্ত্রীরা গাজায় স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করছেন। আমরা ঐক্য সরকারের মন্ত্রীদেরকে গাজায় এসে দায়িত্ব নেয়ার আহ্বান জানাচ্ছি।

হামাস নেতা বলেন, গাজায় এসে ঐক্য সরকারের মন্ত্রীরা কাজ করুন আমরা তাই চাই। তারা ক্রসিং পয়েন্টগুলোর দায়িত্ব নেয়ার পাশাপাশি ঐক্য সরকার প্রতিষ্ঠার চুক্তিতে উল্লেখিত সব ধারা বাস্তবায়নের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

কিন্তু গাজায় পশ্চিম তীরের মন্ত্রীদের অনুপস্থিতিতে হামাস বাধ্য হয়ে জরুরি কাজগুলো পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

গত এপ্রিলে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ও পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফাতাহ আন্দোলন গোটা ফিলিস্তিনে একটি ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠায় সম্মত হয়। টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়ে গঠিত এ অন্তর্বর্তী সরকার ফিলিস্তিনে একটি জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে সমঝোতা হয়।

চুক্তি অনুযায়ী ২ জুন ঐক্যমত্যের মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে এবং একই দিন গাজার হামাস সরকার আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হয়। ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠায় প্রমাদ গণে ইহুদিবাদী ইসরাইল এবং এ সরকারের পতন ঘটানোসহ আরো কিছু অশুভ উদ্দেশ্যে ৮ জুলাই গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। টানা ৫০ দিনের যুদ্ধে বিপর্যস্ত গাজায় যখন ব্যাপকভাবে পুনর্গঠন তৎপরতা চালানো প্রয়োজন তখন ঐক্যমত্যের সরকারের দায়িত্ব ভাগাভাগি নিয়ে বিতর্কে জড়াল হামাস ও ফাতাহ। সূত্র: আইআরআইবি।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ