কর ফাঁকির মামলায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে স্পেনের রাজকুমারী ক্রিস্টিনাকে। আধুনিক স্পেনে এই প্রথম রাজপরিবারের কাউকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

রাজকুমারী ক্রিস্টিনার স্বামী ইনাকি উরদাঙ্গারিনের বিরুদ্ধে প্রায় সাড়ে ৭ কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। দাতব্য ক্রীড়া ফাউন্ডেশন নুস ইনস্টিটিউটের দায়িত্বে থাকাকালে ইনাকি তার ব্যবসায়িক পার্টনার দিয়াগো টোরেসের সঙ্গে ওই সব অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি দায়িত্বে থাকাকালে নুস ইনস্টিটিউটের সাড়ে সাত কোটি ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সময় ইনাকি এইজুন নামের একটি কোম্পানি গড়ে তোলেন। যার অংশীদার হলেন তার স্ত্রী ক্রিস্টিনা।

অভিযোগ রয়েছে, ২০০৭-২০০৮ সালে ওই আত্মসাতের ঘটনা ঘটে। আর ২০১০ সালে তার তদন্ত শুরু হয়। প্রসিকিউটর মেজরকা বলেছেন, ইনাকির স্পোর্টস ফাউন্ডেশন ওই অর্থের অপব্যবহার করেছে। তবে ক্রিস্টিনা ও তার স্বামী এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, ৪৯ বছর বয়সী প্রিন্সেস ক্রিস্টিনা বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপের বোন এবং সাবেক রাজা জুয়ান কার্লোসের মেয়ে। ১৯৯৭ সালে পেশাদার হ্যান্ডবল খেলোয়াড় ইনাকির সঙ্গে তার বিয়ে হয়। সূত্র : বিবিসি।

এএইচ