গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে নতুন করে হামলায় ২২ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। হামলার জন্য উগান্ডার বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। খবর রয়টার্সের।
কয়েক দিন আগে সেখানে অনুরূপ আরেকটি বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়। শনিবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, সর্বশেষ এই হামলায় ১০ নারী, ৮ শিশু ও ৪ পুরুষ নিহত হয়েছেন।
উত্তর কিভু প্রদেশের বেনি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ওই এলাকায় বিদ্রোহীরা জবাই করে ২৬ জনকে হত্যা করে।
এই ঘটনাগুলো উগান্ডা বিদ্রোহীদের পরাজিত করার সরকারের দাবির প্রতি সন্দেহ সৃষ্টি করেছে। বিদ্রোহীরা এলাকাটিতে বিগত দুই বছর ধরে আতঙ্ক ছড়াচ্ছে।
এসএমএ





