ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত কুর্দিবাহিনীকে অস্ত্র সরবরাহের কাজে সহায়তা দেবে অস্ট্রেলিয়া। দেশটি রোববার বলেছে, তারা কুর্দিদের অস্ত্র সহায়তা দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এক বিবৃতিতে বলেন, কুর্দিদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে সাহায্য করার অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ কাজে কানাডা, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিমানের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর সি-১৩০ হারকিউলিস ও সি-১৭ গ্লোবমাস্টারও যোগ দেবে।
এ ঘোষণা দেয়ার আগে ইরাকের অবরুদ্ধ নগরী আমেরলিতে শিয়া তুর্কম্যান সম্প্রদায়ের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণসামগ্রী ফেলার কার্যক্রমে অস্ট্রেলিয়াও যোগ দিয়েছে। বিদ্রোহীরা শহরটি বিচ্ছিন্ন করে রাখায় সেখানে খাবার, পানি ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী প্রধান মার্ক বিন্সকিন জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ইরাকী কুর্দিদের অস্ত্র সহায়তা কাজে অংশ নেবে অস্ট্রেলিয়া।
এদিকে যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, কুর্দিদের অস্ত্র সরবরাহের কাজে সহায়তা করতে আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও ডেনমার্কও সম্মত হয়েছে। সূত্র: এএফপি
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





